বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি ১২ লাখ ডলার বা সাড়ে ৮ লাখ পাউন্ড দামে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি ১৮ লাখ টাকার বেশি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক নিলামে ওঠা চিঠির এই দাম প্রত্যাশার চাইতে অন্তত ৩ গুণ বেশি বলে জানিয়েছে নিলামকারী সংস্থাটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ ঊ=সপ২এর উল্লেখ থাকা ওই চিঠিটি অজ্ঞাত এক নথি সংগ্রাহক কিনে নিয়েছেন। এই চিঠির বাইরে আর তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা ঊ=সপ২ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আইনস্টাইনের এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে, তার লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে। এতে আলোর গতি ও বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে। বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন বলেছে, পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারও ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন। সিলভারস্টেইন আইনস্টাইনের বেশ কয়েকটি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তাকে লেখা এই চিঠিতে আইনস্টাইন ঊ=সপ২ সমীকরণ সম্পর্কে লিখেছিলেন।
আরআর অকশন এক বিবৃতিতে জানিয়েছে, পদার্থবিদ্যা এবং উদ্ভাবকের নিজের হাতে লেখা সমীকরণ, উভয় দৃষ্টিতেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চিঠি।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল, পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা।
