কারাগারে আটকাবস্থায় হেফাজত ইসলামের নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোকপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তিনি। গতকাল শনিবার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকাবস্থায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে। এর দায় অবশ্যই সরকারকেই নিতে হবে। এ ঘটনা অত্যন্ত ভয়ংকর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এর আগেও বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতাবলম্বী মানুষের কারাগারে আটক থাকাবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে।’
তিনি বলেন, ‘এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোনো তদন্ত বা সন্তোষজনক কোনো বক্তব্য নেই।’
বিবৃতিতে ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
