পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ ঈদের পর সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’-এর কাজ শুরু করেছেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ঈদ ...
সবার মতো আমিও ঘরবন্দি ঈদ উদযাপন করেছি। কারণ করোনার এ সময়টায় বাইরে বের হয়ে স্বস্তিতে ঘোরাফেরা করার তেমন সুযোগ ছিল না। বিনোদন কেন্দ্রগুলো ছিল বন্ধ। তাই আমার সন্তানদের নিয়ে বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। বাসাতেই ওদের সঙ্গ দিয়েছি। পরিবারের সবাই মিলে ঢাকাতেই ঈদ উদযাপন করেছি।
শ্যুটিং শুরু ...
ঘরবন্দি ঈদের ছুটি বাড়িয়ে কী লাভ? তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমার শ্যুটিং শুরু করলাম। এটি একটি সরকারি অনুদানের সিনেমা। নাম ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং নির্মাণ করছেন গুণী অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শ্যুটিং হলেও গত ২০ মে থেকে আমি পুরান ঢাকায় সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নিয়েছি। আগামী ২৫ মে পর্যন্ত এ সিনেমার শ্যুটিং করব। সিনেমাটিতে আমি অভিনয় করছি সঞ্জু চরিত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
অনুদানের সিনেমায়...
এর আগেও আমি সরকারি অনুদানে কিংবা অনুদানের বাইরেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, ১৯৭১ সেইসব দিন সিনেমাটি আমার করা মুক্তিযুদ্ধের গল্পের সিনেমার মধ্যে অন্যতম ভালো সিনেমা। নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের গল্প উঠে এসেছে এ সিনেমায়। আমি যতদূর জানি হৃদি তার বাবা-মা এবং আশপাশের অনেকের কাছ থেকে গল্প শুনে এবং সেসব গল্পের সত্যতা যাচাই করেই এ সিনেমাটির গল্প লিখেছেন। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে হৃদি মুক্তিযুদ্ধের আবহ তৈরি করতে কোনো ফুটেজের ওপর নির্ভর করছেন না। যে দৃশ্যের জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। সবচেয়ে বড় কথা সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনোরকম তাড়াহুড়াও করছেন না হৃদি।
হাতে থাকা ছবি ...
চলতি মাসের শেষ দিকে আফজাল হোসেনের পরিচালনায় নির্মাণচলতি ‘মানিকের লাল কাঁকড়া’ ছবিটির শ্যুটিং শুরু করব আবার। এবারের শ্যুটিং স্পট পটুয়াখালীর কুয়াকাটায়। এরপর কাজ করব সরকারি অনুদানের আরেকটি নতুন ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’র। এ ছাড়া মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ নামে আরও একটি ছবির ডাবিং শুরু করব শিগগিরই। অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির কাজও শুরুর প্রস্তুতি নিচ্ছি। কোরবানির ঈদ পর্যন্ত ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে আমাকে।
প্রযোজনা সংস্থা ...
আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুটি ছবি নির্মিত হয়েছে। এখলাছ আবেদীনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ নামে ছবিটির সেন্সর সার্টিফিকেট পেয়েছি কয়েক মাস আগে। এটি মুক্তির প্রক্রিয়া শুরু করেছিলাম। কিন্তু লকডাউনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তি পিছিয়ে গেল। তবে পরিস্থিতি অনুকূলে এলেই এটি মুক্তি দেব বলে ভাবছি। এ ছাড়া ‘যদি আরেকটু সময় পেতাম’ নামের ছবিটির সেন্সর প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
