বিশ্বের অনেক দেশের পুলিশসহ নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বডিক্যাম পরেন। রাস্তায় রাস্তায় সিসিটিভি ও এইসব বডিক্যামের কারণে বিভিন্ন অঞ্চলে অপরাধও কমেছে উল্লেখযোগ্য হারে। কিন্তু যুক্তরাজ্যের ওয়েলসের প্রত্যন্ত এলাকার কৃষকরা গেল কয়েক বছর ধরে এমন সব অপরাধকর্মের মুখোমুখি হচ্ছেন যার কোনো প্রমাণ থাকছে না, পুলিশও অপরাধীদের ধরতে পারছে না। অথচ ওই এলাকার কৃষকদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে অপরাধ কমাতে। এই অবস্থায় অপরাধ দমনে কৃষকদের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে সেখানকার পুলিশ। তারই অংশ হিসেবে কৃষকদের বডিক্যাম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
সম্প্রতি ওয়েলসে পরিচালিত এক জরিপে দেখা গেছে, সেখানকার অন্তত ৩১ শতাংশ কৃষক গত ৫ বছরে অন্তত ১ হাজার পাউন্ড করে খরচ করেছেন নিরাপত্তা নিশ্চিত করতে। অথচ তাতেও অপরাধ কমেনি। দিন দিন তাদের খামারগুলোতে চুরি ও ডাকাতির মতো ঘটলাগুলো বাড়ছিল। তবে চুরি-ডাকাতি ঠেকাতে কিছু কৃষক ইতিমধ্যে এক জোট হয়েছেন। তারাও নানা প্রাযুক্তিক উপায় দাঁড় করিয়েছেন।
গ্রে উইলিয়ামস তেমনই এক কৃষক। তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে যেখানে কৃষকরা সন্দেহজনক কোনো কিছু দেখা মাত্র অন্যদের জানিয়ে দিতে পারে। এই গ্রুপটিতে পুলিশের কয়েকজন অফিসারও যুক্ত আছেন। কিন্তু অপরাধের বার্তা পাওয়ার পর সবাই একজোট হতে যে সময় যাচ্ছে সেই ফাঁকে পালিয়ে যাচ্ছে অপরাধী। তাই পুলিশের পরামর্শে তারা প্রযুক্তি ব্যবহারে আরও এক ধাপ আগাচ্ছে। এখন থেকে তারা সিসিটিভি, বডিক্যাম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন।
বিবিসি বলছে, সিসিটিভি ও বডিক্যামগুলো সবসময় অনলাইনে যুক্ত থাকবে। এগুলোর ফুটেজ মিলবে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপেও। তাই কোনো অপরাধ হলে পুলিশ বা ওই এলাকার অন্যান্য কৃষকরা তাৎক্ষণিক বার্তা পেয়ে যাবেন। আটক করা সম্ভব হবে অপরাধীদের।
