৯ দিন পর মর্গে মিলল ঢাবি শিক্ষার্থীর লাশ

আপডেট : ২৪ মে ২০২১, ০৪:৪২ এএম

নিখোঁজের ৯ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মূকাভিনয়শিল্পী হাফিজুর রহমানের গলাকাটা লাশ। বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের পরিবারের সদস্যরা গতকাল রবিবার ঢামেক মর্গে তার লাশ শনাক্ত করেন। পুলিশ বলছে, গত ১৫ মে শহীদ মিনার এলাকায় ‘নিজের গলায় দা চালিয়ে’ মারা যাওয়া সেই অজ্ঞাত যুবকই হাফিজুর।

হাফিজুরের স্বজনরা জানান, ঈদুল ফিতরের পরদিন (১৫ মে) ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন হাফিজুর। বিকেলে ঢাবি ক্যাম্পাস এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেন তিনি। সন্ধ্যার দিকে কার্জন হলের সামনে বসে মোবাইল ফোনে মায়ের সঙ্গেও কথা বলেন তিনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তারা জানান, হাফিজুর একজন মূকাভিনয়শিল্পী। তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন নামের সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম গোলাম রব্বানী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ খুবই মর্মাহত এ ঘটনায়। আমরা হাফিজের পরিবারের পাশে আছি।

শাহবাগ থানার ওসি মামুনুর রশীদ জানান, গত ১৫ মে হাফিজুর শহীদ মিনার এলাকার ফুটপাতের এক ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে নিজের গলায় চালিয়ে দিয়ে দৌড়ে মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে চলে যান। সেখান থেকে রাত ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাতেই সেখানে তার মৃত্যু হয়।

গতকাল ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ করলে সেই আলোকে তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত