পেসার মারকুইনো মিন্ডলে করোনায় আক্রান্ত হওয়ার পর লালবলের দলগত অনুশীলন ক্যাম্প স্থগিত করতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পিটিআই জানিয়েছে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার তার দ্বিতীয় টেস্টে পজিটিভ রেজাল্ট পান।
রবিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে বলেছে, ‘টিমের সবার পিসিআর টেস্ট করা হয়েছিল। সেখানে দ্বিতীয় টেস্টে মারকুইনো কভিড-১৯ পজিটিভ।’
পিটিআই লিখেছে, মারকুইনোর উপসর্গ আছে। নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত তাকে আইসোলেশনে রাখা হবে।
সেন্ট লুসিয়া সরকারের নিয়ম অনুযায়ী পরপর দু’টি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই দলের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি।
দলের কোচিং স্টাফ ও বাকি সদস্যদের আবার পরীক্ষা করা হলেও কারোর রিপোর্ট পজিটিভ আসেনি।
সোমবার থেকে আর আগের মতো একসঙ্গে অনুশীলন করতে পারছেন না তারা। ভাগ ভাগ হয়ে ক্যাম্পের বাইরে ব্যাট-বল নিয়ে কাজ করতে হবে তাদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টিও খেলবেন জেসন হোল্ডাররা।
