ভলোনিকের নান্দনিক ওয়্যারলেস চার্জার

আপডেট : ২৫ মে ২০২১, ০১:১৭ এএম

প্রযুক্তিগত উৎকর্ষের প্রয়োজনে ওয়্যারলেস চার্জারের প্রচলন শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির পাশাপাশি ব্যবহারকারীরা নান্দনিকতার দিকে ঝুঁকেছেন। বাজারে এসেছে শন ডিগার্টির নতুন টেক কোম্পানি– ভলোনিক, যারা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকের কাছে রুচিসম্মত পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। শন-এর আগেও টেক এক্সেসরিজ কোম্পানি মোফির নেতৃত্ব দিয়েছিল। শন-এর কাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন। তার ব্র্যান্ড ভলোনিকের প্রথম পণ্য ওয়্যারলেস চার্জার ভ্যালেট থ্রি। সীমাবদ্ধ কোনো চার্জিং পোর্ট নয় বরং বড় পৃষ্ঠতলের এই চার্জারে একই সঙ্গে তিনটি ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। ভলোনিক ভ্যালেট থ্রি তৈরিতে ব্যবহৃত হয়েছে মরিচা প্রতিরোধী অ্যালুমিনিয়াম, চার্জারের ওপরের পৃষ্ঠে ব্যবহৃত হয়েছে চামড়াসহ প্রিমিয়াম সব কাঁচামাল। এইসব দৃশ্যমান সৌন্দর্য বাদ দিলেও এই ভ্যালেট থ্রিই এ মুহূর্তে একমাত্র ওয়্যারলেস চার্জার যে কিনা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট নিতে সক্ষম। এছাড়াও প্রযুক্তির বাজারে কাস্টমাইজড চার্জারের ধারণাও প্রথম নিয়ে এসেছে ভলোনিক। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার ইচ্ছেমতো কাঁচামাল ও কোন রঙে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেগুলো দিয়ে কাস্টমাইজড চার্জার ডিজাইন করে নিতে পারবেন। চার্জারটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮৫ ডলার। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, লঞ্চ করার পরপরই কোম্পানিটি গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত