ঢাবি শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

আপডেট : ২৫ মে ২০২১, ০২:১১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন হয়।

গত ১৫ মে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে হাফিজুর নিখোঁজ ছিলেন। নিখোঁজের নয় দিন পর রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হাফিজুরের লাশ শনাক্ত করেন তার বড় ভাই হাবিবুর রহমান। পুলিশ জানিয়েছে, ১৫ মে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে নিজের গলায় নিজেই আঘাত করেন হাফিজুর। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কোনো ওয়ারিশ না পাওয়ায় লাশ হাসপাতাল মর্গে রেখে দেওয়া হয়। তখন পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করারও দাবি জানায়। একই সঙ্গে ঘটনার আগ মুহূর্তে তার সঙ্গে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা, হাফিজুরের লাশ নিয়ে পুলিশ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বের ‘অবহেলার’ ব্যাখ্যা দাবি করেছে তারা।

মানববন্ধনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, হাফিজুর নিখোঁজ হওয়ার পর শাহবাগ থানায় অবহিত করা হয়। কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজ এলাকায় যে লাশ পাওয়া গেছে, তা যে হাফিজুরের হতে পারে তা মিলিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। যে ঘটনা ঘটেছে তাতে দায়িত্বশীল বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, কী ঘটেছিল এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মহত্যা বা হত্যার ঘটনা ঘটেছিল কিনা তদন্তের ভিত্তিতে তা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করতে হবে।

হাফিজুর রহমান মূকাভিনয় শিল্পী হিসেবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। মানববন্ধনে সংগঠনটির সভাপতি লিজাইনুল ইসলাম রিপন বলেন, হাফিজ মাইম অ্যাকশনের হয়ে আত্মহত্যার বিপক্ষে লড়াই করেছে, এমন একজন মানুষ কেন আত্মহত্যা করতে যাবে? আমাদের কাছে মনে হচ্ছে এটা কখনো আত্মহত্যা হতে পারে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্ত করা হোক।

এদিকে হাফিজুরের মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুতে শোক প্রকাশ করে দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে বিশেষভাবে অনুরোধ করেছেন। এ ছাড়া উপাচার্য এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কাছে জমা দিতে প্রক্টরকেও নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত