আদালতকে হেয় করেছে বিএনপি : কাদের

আপডেট : ২৫ মে ২০২১, ০২:১৪ এএম

সাংবাদিক রোজিনা ইসলাম সরকারের ‘ফরমায়েশি রায়ে’ জামিন পেয়েছেন বিএনপির এ অভিযোগের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাল্পনিক অভিযোগ করে তারা দেশের স্বাধীন বিচার বিভাগকে হেয় করেছেন। গতকাল সোমবার সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিক রোজিনার জামিনের বিষয়টিকে ‘ফরমায়েশি রায়’ বলে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, ‘কে ফরমায়েশ দিয়েছে, কোথা থেকে দিয়েছে? মির্জা ফখরুলের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না?’

এ ধরনের ‘কাল্পনিক’ অভিযোগ শুধু বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্বাধীন বিচার বিভাগকেও হেয় করছে বলে মনে করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচার ছিল এতদিন সরকারের বিরুদ্ধে। এখন আদালতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে, যা প্রকারান্তরে আদালত অবমাননার শামিল।’

পাসপোর্ট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলের এই মন্তব্যের পেছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট এবং আইডেন্টিটি, অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়। পাসপোর্টের সঙ্গে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত।’

দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। জনগণ দলটির এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপাচ্ছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্র্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

বিএনপির ‘কারচুপির’ যে অতীত ইতিহাস সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারাই এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে?’

ভুয়া ও অনিবন্ধিত একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা এবং আহত-নিহতের সংখ্যা নিয়ে অতিরঞ্জিত, মনগড়া প্রতিবেদন দিচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বিআরটিএ ও ঈদ পরবর্তী ছুটির পরে পত্রপত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী, সারা দেশে গত ৯ মে থেকে ১৬ মে ২০২১ পর্যন্ত ৩৬ থেকে ৫৬টি সড়ক দুর্ঘটনা এবং ১০৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনা হয় অস্বীকার করার কিছু নেই। কিন্তু এ ধরনের কল্পিত, মনগড়া প্রতিবেদন কোথা থেকে আসে সেটাই প্রশ্ন।’

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত