২০১৮’র জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে গিয়ে দু’বার ইতালিয়ান লিগ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। এবার কোনো রকমে সিরি আ’র চতুর্থ স্থানে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে তুরিনের বুড়িরা। তবে দল ভালো না করলেও রোনালদো ঠিকই নিজের কাজটা করেছেন। ২৯ গোল নিয়ে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। জানিয়েছেন, ইতালিতে তার লক্ষ্যপূরণ হয়েছে।
জুভেন্তাসের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। কিন্তু এরই মধ্যে ইউরোপীয় গণমাধ্যমে খবর ক্লাব ছাড়তে পারেন রোনালদো। দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টের পর বিষয়টি আরও জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকে। রোনালদো লিখেছেন, ‘যেকোনো শীর্ষ খেলোয়াড়ের জীবন ও ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। বছরের পর বছর দারুণ সব দলের বিপক্ষে খেলি আমরা। তাই নিজেকে সব সময় সেরা পর্যায়ে রাখতে আমাদের সেরাটা দিতে হয়। এবার আমরা সিরি আ জিততে পারিনি ঠিক। তবে দলীয় ও ব্যক্তিগত যা কিছু অর্জন করেছি তারও মূল্যায়ন করতে হবে। ইতালিয়ান সুপার কাপ, ইতালিয়ান কাপ জয় এবং সিরি আ’র সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমার মনকে ভরিয়ে দিয়েছে। এগুলো এমন এক দেশে যেখানে জেতাটা কঠিন।’ বলেন, ‘এসব প্রাপ্তিতে আমি এমন একটি লক্ষ্যে পৌঁছেছি, যেটা আমি ইতালি পৌঁছানোর প্রথম দিন স্থির করেছিলাম : চ্যাম্পিয়নশিপ, কাপ, সুপার কাপ জয় এবং এই অসাধারণ ফুটবল দেশের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হওয়া, যে দেশের অসাধারণ খেলোয়াড়, বড় ক্লাব এবং নিজস্ব ফুটবল সংস্কৃতি রয়েছে।’
রোনালদো সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যে দেশেই খেলেছি সেখানেই আমি আমার ছাপ রেখেছি, যে ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করেছি তাদের ভক্তদের আনন্দ দিয়েছি। এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এজন্যই আমি খেলি, এটাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। শেষ দিন পর্যন্ত আমি এটাই করে যাব।’
