নবাবগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় উপহারের ঘর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ স্থগিত করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। গতকাল মঙ্গলবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী গ্রামে চলমান প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেন।
পরিদর্শনকালে ঘর নির্মাণে ব্যবহৃত ১ নম্বর ইটের সঙ্গে ২ ও ৩ নম্বর ইট পান তিনি। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে প্রকল্প সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে ২ ও ৩ নম্বর ইট বাতিল করারও আদেশ দেন।
এমপি শিবলী সাদিক বলেন, ‘দুপুরে ভেবটগাড়ী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শন করতে যাই। এ সময় সেখানে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে তাৎক্ষণিক প্রকল্প সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেই। একই সঙ্গে খারাপ ইটগুলো প্রকল্প এলাকা থেকে সরানোর আদেশ দেই। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।’
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল আজম বলেন, ‘দুপুরে ভেবটগাড়ী গ্রামে পরিদর্শনে এসে সংসদ সদস্য মহোদয় কিছু খারাপ ইট দেখতে পান। এ সময় তিনি সেই ইটগুলো পরিবর্তনের জন্য আদেশ দেন। আমরা খারাপ ইটগুলো পরিবর্তনের ব্যবস্থা করছি।’
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় নবাবগঞ্জ উপজেলায় ২৭৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪০০ ঘর নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ভেবটগাড়ী গ্রামেই ১২০টি ঘর নির্মাণ করা হচ্ছে।
