শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে এবার প্রতীকী ক্লাস ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এমন কর্মসূচি পালন করা হয়। এদিন ক্লাসের বিষয়বস্তু ছিল ‘সমসাময়িক বাংলাদেশ ও শিক্ষা পরিস্থিতি’।
শিক্ষার্থীদের ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ক্লাসে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না প্রমুখ।
এরপর একজন শিক্ষার্থী দুইয়ের ঘরের নামতা পড়েন ও শিশুকালে স্কুলের মতো উপস্থিত শিক্ষার্থীদেরও পড়ান। পরে মো. জাকারিয়া নামে একজন শিক্ষার্থী সেই নামতা রাবি অধ্যাপকের সামনে শোনান এবং দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদ হিসেবে ভুল করে পড়েন। দুই এক্ক তিন, দুই দুগনো পাঁচ, তিন দুগনো সাত, আট দুগনো সতেরো এভাবে ভুল পড়েন এবং শিক্ষার্থীরা হাত উঁচিয়ে প্রতীকী বাধা দেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ দিনের কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তৌকি ওয়াসিফ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
