ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে মিরাজ

আপডেট : ২৭ মে ২০২১, ১২:৪৬ এএম

মেহেদি হাসান মিরাজ এখন ওয়ানডের দ্বিতীয় সেরা বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট শিকারে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের মধ্যে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। মোস্তাফিজুর রহমান শীর্ষ দশে মিরাজের সঙ্গী হয়েছেন ৮ ধাপ লাফিয়ে ৯-এ জায়গা করে নিয়ে। ২০১৮ সালের ডিসেম্বরে র‌্যাংকিংয়ের পাঁচে উঠে এসেছিলেন তিনি। তারপর এটাই কাটার মাস্টারের সেরা সাফল্য।

মিরাজের মতো র‌্যাংকিংয়ের এত ওপরে উঠতে পেরেছিলেন বাংলাদেশের আর মাত্র দুজন বোলার। সাকিব আল হাসান বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষেই উঠেছিলেন ২০০৯-এর ৫ নভেম্বর। আর পরের বছর ১২ ডিসেম্বর সাকিবকে তিনে ঠেলে দুইয়ে উঠেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫, মোস্তাফিজের ৬৫২।

প্রতিক্রিয়ায় মিরাজ বলেছেন, ‘কখনো ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে দুই নম্বরে আসব। আমার কাছে খুব ভালো লাগছে।’ সেই সঙ্গে যোগ করেছেন, ‘যখন টেস্ট খেলা শুরু করেছিলাম, তখন কিন্তু আমি টেস্ট বোলারই ছিলাম। তবে আমার নিজের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করত যে, আমি শুধু টেস্ট খেলব না, আমি সব ফরম্যাটেই খেলব এবং যেন সফলতার সঙ্গে খেলতে পারি। আমি যখন ওয়ানডে ক্রিকেট স্টার্ট করলাম, আমার চিন্তাই ছিল, আমি কীভাবে টিমে কন্ট্রিবিউট করতে পারি এবং নিজে পারফর্ম করতে পারি। আমি ফোকাস রেখেছিলাম যে, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার ইকোনমি রেটটা ঠিক রাখতে হবে। কারণ তাতে আমার দলে খেলার সম্ভাবনাটা বেশি থাকবে এবং দলের সিচুয়েশন অনুযায়ী যদি আমি ব্রেকথ্রু দিতে পারি এবং গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং দলের জন্যও ভালো হবে।’ 

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে চমকপ্রদ উত্থান হয়েছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে ৮৪ ও ১২৫ রানের ইনিংস খেলায় চার ধাপ এগিয়ে নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের ১৪তম স্থানে এখন তিনি। দুই ধাপ উন্নতি ঘটেছে মাহমুদউল্লাহর। ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিরাট কোহলি। ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রোহিত শর্মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত