ভার্চুয়াল সভায় ফখরুল

গণতন্ত্র আজ ফ্যাসিবাদী সরকারের হাতে

আপডেট : ২৭ মে ২০২১, ০২:০৪ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছিল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ সেই গণতন্ত্র নিহত, নিখোঁজ ও পরাজিত একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের হাতে।’ গতকাল বুধবার শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ একটি ফ্যাসিবাদী সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে মানুষ হত্যা করছে। জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন করছে। নিজেদের ক্ষমতা বিস্তারে, নিজেদের প্রভাব বিস্তারে একশ্রেণির মানুষ এসব করছে। তারা একটি দানবীয় সরকার প্রতিষ্ঠা করেছে।’

‘সরকার দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার সাম্প্রদায়িকতার বিষবাষ্প, সাম্প্রদায়িকতার বীজ এখানে বপন করছে। দুর্ভাগ্যজনকভাবে পার্শ্ববর্তী দেশে যে সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে তাকে নিয়ে এসে তারা বাংলাদেশে ঢুকিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়েছে বলেই আজকে কিন্তু এখানে ২৬ মার্চের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সারা দেশের মানুষকে একটা অস্থির অবস্থায় নিয়ে ফেলেছে। গ্রেপ্তার করছে, গুম করছে এবং নির্যাতন শুরু করেছে। গোটা দেশে সাম্প্রদায়িকতার আজকে যা কিছু হচ্ছে সম্পূর্ণভাবে তার জন্য দায়ী হচ্ছে এই আওয়ামী লীগ সরকার এবং তারা যেটা জেনেশুনে করছে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে দেশে দুটি দুর্যোগ চলছে। একটি প্রাকৃতিক দুর্যোগ ও অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, দুর্নীতির দুর্যোগ। এই দুই দুর্যোগে দেশের মানুষ আজ পর্যুদস্ত।’ দলের সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে এবং সুভাষ চন্দ্র চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালাম, ড. সুকোমল বড়–য়া, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, মনিষ দেওয়ান, সুশীল বড়ুয়া প্রমুখ। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণমাধ্যমে বাণী দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া দুঃখজনক : দুপুরে বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের কাছে ওষুধসামগ্রী হস্তান্তর করার সময় বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া দুঃখজনক।’ এর আগে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য একটি পিকআপে করে জরুরি ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রী রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন বিএনপি মহাসচিব। চিকিৎসাসামগ্রী গ্রহণ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার আশু আরোগ্যও কামনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ইতিমধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছি এবং ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আজকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিছু ওষুধপত্র ও চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি, যা সামান্য হলেও তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করেছি যে, ফিলিস্তিনের এই সংগ্রাম ও যুদ্ধের সময়ে তারা একটি ন্যায়সঙ্গত লড়াই করছে তাদের নিজস্ব ভূমির জন্য। সেই সময়ে দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়  থেকে পাসপোর্টের ওপর থেকে যে ‘ইসরায়েল’ শব্দ তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, ক্ষোভ প্রকাশ করেছি। তাদের এই যুদ্ধের সময়ে সংগ্রামের সময়ে যখন গোটা পৃথিবী দাঁড়াচ্ছে সেই সময়ে এটা খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি।’

পরে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ফিলিস্তিনি জনগণ আপনাদের এই সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমরা বাংলাদেশের জনগণের শুভ কামনা করি। একই সঙ্গে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।’

ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত