বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে শুক্রবার কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লোজ ডোর’ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
আগের দিন এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর কোচিং স্টাফদের সিদ্ধান্তের আলোকে ম্যাচটি ক্লোজ ডোর হবে।’ অর্থাৎ সাংবাদিকেরা ম্যাচটি কাভার করতে পারবেন না।
বৃহস্পতিবার আরেক বিবৃতিতে ম্যাচের ফল নিয়ে বাফুফে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে ৬৫ মিনিটে ইয়াসিন ও ৬৮ মিনিটে মেহেদী হাসান গোল করেন। শেখ জামালের পক্ষে ৪১ মিনিটে সুলাইমান সিলাহ একটি গোল করেন। ৫৯ মিনিটে তারা আত্মঘাতী গোল পায়।
অর্থাৎ শুরুতে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। পরে ম্যাচে সমতা ফেরায় জাতীয় দল। আত্মঘাতী গোল থেকে শেখ জামাল ফের এগিয়ে গেলে মেহেদীর গোল সমতায় ফিরে জাতীয় দল।
বাফুফে জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে জাতীয় দল কাতার যাবে।
সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে।
