ল্যাঙ্গারের কোচিং নিয়ে আপত্তি

আপডেট : ২৮ মে ২০২১, ০১:৩২ এএম

জাস্টিন ল্যাঙ্গারের কোচিং দর্শন নিয়ে আপত্তি তুলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে দলের অন্তত ৪০ জন ল্যাঙ্গারের কোচিং নিয়ে সন্তুষ্ট নন।

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস জানিয়েছে, অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্সের খোলামেলা মূল্যায়নে ল্যাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ক্রিকেটাররা। ল্যাঙ্গারের কাজের ধরন নিয়েই তাদের মূল আপত্তি। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, মূল্যায়নের পর ল্যাঙ্গারকে ‘কঠিন ও সোজাসাপ্টা’ ভাষায় তার কোচিংয়ের সমস্যাগুলো বলা হয়েছে। চলতি বছরের শুরুতে ভারতের কাছে ঘরের মাঠে হেরেছে অস্ট্রেলিয়া। তারপরই ল্যাঙ্গারের কোচিং দর্শন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। জানা গেছে কেবল কোচ নয়, অস্ট্রেলিয়া দলের ম্যানেজার গেভিন ডোভেকে নিয়েও অসন্তুষ্ট ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান বেন অলিভার বলেছেন, ‘বিশ্বকাপ এবং ২০১৯ অ্যাশেজের আগে ঠিক এই কাজই করেছিলাম আমরা। দল ভালো খেলেছিল। মাঠে এবং মাঠের বাইরে আমাদের উন্নতির একটি প্রক্রিয়া এটা। আশা করা যায় টি-২০ বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে দলের মনোবল চাঙ্গা হবে।’ তাহলে কি চাকরি যেতে পারে ল্যাঙ্গারের? সেই সিদ্ধান্ত হয়তো এখনই নেওয়া হবে না। অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকা পরামর্শদাতা টিম ফোর্ড নিজের পর্যালোচনা রিপোর্ট আগামী সপ্তাহে টিম পেন, প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চের কাছে জমা দেবেন। তার পরই জানা যাবে জাস্টিন ল্যাঙ্গারের ভাগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত