ভাষাসৈনিক শামসুল হক এমপির ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৮ মে ২০২১, ০২:২১ এএম

ময়মনসিংহের আওয়ামী লীগের রাজনীতির প্রবাদপুরুষ, ফুলপুর-তারাকান্দা আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম শামসুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউন হল অডিটরিয়ামে দোয়া ও স্মরণায়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী ও প্রয়াত এম শামসুল হকের জ্যেষ্ঠ পুত্র শরীফ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কাজী ফাহমি গোলন্দাজ বাবেল, নাজিম উদ্দিন আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এতে সভাপতিত্ব করেন।

২০০৫ সালের ২৭ মে মৃত্যুবরণ করা এম শামসুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন।

স্মরণায়োজনে বক্তারা বলেন, ‘ময়মনসিংহের রাজনীতিতে এক কিংবদন্তি ছিলেন প্রয়াত এম শামসুল হক। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট ও মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ ও ময়মনসিংহ শহরে প্রথম শহীদ মিনার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ভাষাসৈনিক হিসেবে তাকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।’

এছাড়া ভাষাসৈনিক এম শামসুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাবার কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত