স্বল্প খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। গতকাল বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিশেষ ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চাঁপাইনবাবগগঞ্জ ও রাজশাহী থেকে ৭ হাজার ২৬৮ কেজি আম নিয়ে ঢাকায় রওনা হয় ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এর মধ্যে ট্রেনটি রাজশাহী থেকেই নিয়েছে ৬ হাজার ৩৪৩ কেজি আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন এই ট্রেন আমসহ অন্যান্য ফল এবং কাঁচামাল ঢাকায় নিয়ে যাবে। গত বছর প্রথমবারের মতো এই বিশেষ ট্রেন চালু করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জেও এ ট্রেনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে আম নিয়ে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। আম ওঠানোর পর ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা করে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, রাজশাহী স্টেশন থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়েছে। চারঘাটের সারদা স্টেশন থেকে তোলা হয়েছে ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।
রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, ট্রেনটি আম ও অন্য সবজিজাতীয় পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৪টায়। রাত ২টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে প্রতিকেজি আমের ভাড়া হবে ১ টাকা ৩১ পয়সা। অন্যদিকে রাজশাহী স্টেশন থেকে প্রতিকেজির ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা। সপ্তাহে সাত দিনই চলাচল করবে বিশেষ এই ট্রেন। ঢাকায় কমলাপুর স্টেশনে আম নামিয়ে রাতেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালুর ফলে আবারও স্বল্প খরচে আম পরিবহনের সুযোগ সৃষ্টি হলো।
