টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) মূল লক্ষ্য আমাদের জীবনযাত্রার মান বাড়ানো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এখন আমরা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে পাঁচ দিনব্যাপী স্কাউট কনফারেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ভার্চুয়াল প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘এসডিজি অর্জনে আমাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যুব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে জড়িত। মূলধারার উন্নয়নমূলক কর্মকা-ে যুবকরা জড়িত না হলে টেকসই বিকাশ বিলম্বিত হবে। বিশ্বজুড়ে নেতারা এখন নিশ্চিত যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনগুলো মূলত তরুণদের কাজের ওপর নির্ভর করে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এ সম্মেলনের থিম খুবই প্রাসঙ্গিক। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে লড়াই করা পুরো বিশ্বের জন্য একটি সাধারণ সমস্যা। এ সমস্যাটি কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
ভার্চুয়াল এ কনফারেন্সে ৩৭টি দেশ থেকে ১৫০ জন এবং বাংলাদেশ থেকে নির্বাচিত ১০০ রোভার স্কাউট অংশ নেবেন। কনফারেন্সের থিম ‘স্কাউটিং ফর বেটার এনভায়রনমেন্ট’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত কনফারেন্সে ওআইসি সদস্যভুক্ত এবং মুসলিম কমিউনিটির ইয়ুথদের (রোভার স্কাউট), ঢাকা ইয়ুথ ক্যাপিটাল ২০২০, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের সহযোগিতা থাকছে। ৩১ মে কনফারেন্সটি শেষ হবে।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটির চেয়ারম্যান আহমদ রুশদি, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান প্রমুখ।
