সুপার লিগ নিয়ে ক্ষমা চাইবে না বার্সা

আপডেট : ২৯ মে ২০২১, ১২:০৫ এএম

সুপার লিগে যোগ দেওয়া নিয়ে উয়েফার কাছে বার্সেলোনা ক্ষমা চাইবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তবে এই উদ্যোগ নিয়ে আলোচনার পথ খোলা রাখতে চান। গতকাল এক সংবাদ সম্মেলনে বিতর্কিত সুপার লিগে কেন বার্সেলোনা তার ব্যাখ্যা দিয়েছেন মার্চে নির্বাচনে নতুন করে প্রেসিডেন্ট হওয়া লাপোর্তা, ‘সুপার লিগে আমরা যখন গিয়েছি ততদিনে এটি অনেকদূর পৌঁছে গিয়েছিল। বার্সার পক্ষে জড়িত হওয়াটা জরুরি ছিল। ফুটবল বিশ্বে নতুন কোনো আন্দোলন (মুভমেন্ট) এলে বার্সা কখনই পেছনে থাকবে না। আমরা ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে চাই। আমরা আমাদের অবস্থান নিশ্চিত করে রেখেছি। তবে এই ক্লাবটি গণতান্ত্রিক। তাই আমরা (বোর্ড মেম্বার) সবার সঙ্গে আলোচনা করতে চাই এ বিষয়ে।’

করোনা পরিস্থিতিতে অন্য ক্লাবগুলোর মতো বার্সেলোনারও আয় কমেছে। লাপোর্তা বলেন, ‘বর্তমানে আমরা নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। অনেক দল আর্থিকভাবে খারাপ অবস্থানে আছে। সেই বিষয়টি লক্ষ করলে (সুপার লিগে যোগ দিয়ে) আমরা আর্থিকভাবে এগিয়ে যেতে চেয়েছিলাম। আমার সঙ্গে রুবিয়ালেস এবং তেবাসের (লা লিগা প্রেসিডেন্ট) ভালো সম্পর্ক। কিছুদিন আগে সেফেরিনের (উয়েফা প্রেসিডেন্ট) সঙ্গেও কথা হয়েছে। আমরা আলোচনার রাস্তা খুলতে চাই।’

এই মৌসুমে শুধু কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। লা লিগায় তৃতীয় হয়েছে কাতালান ক্লাবটি। কোচ কোম্যান বরখাস্ত হতে পারেন এমন খবব গণমাধ্যমে। কিন্তু লাপোর্তা জানালেন আগামী সপ্তাহে এ বিষয়ে কথা হবে কোম্যানের সঙ্গে। ‘আমরা কোচকে (কোম্যান) বলেছি যে মৌসুম শেষে মূল্যায়ন করব। কোম্যানের জন্য সব সময়ই শ্রদ্ধা থাকবে। আমাদের এরই মধ্যে একবার কথা হয়েছে। আগামী সপ্তাহে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এখনো তার এক বছর চুক্তি আছে।’ লিওনেল মেসির জন্য নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকম কথা হচ্ছে। মেসির জন্য নতুন চুক্তির বিষয়টি ভালোই এগোচ্ছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি এটি (প্রস্তাব) মেনে নেবে (মেসি)। আমাদের সম্পর্ক ভালো। মেসি বার্সেলোনাকে ভালোবাসে। আমরা চাই সে এখানেই থাকুক।’

বার্সেলোনায় আসছেন সার্জিও আগুয়েরো, জর্জিনিও উইনালডাম এবং মেম্ফিস ডিপে গেল এক সপ্তাগে এমন খবর জানা গেছে ইউরোপীয় গণমাধ্যমে। লাপোর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা বার্সায় আসা নতুন খেলোয়াড়দের বিষয়ে জানাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত