আজ শনিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী ৪৪ দেশের ১২৯ শান্তিরক্ষীকে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে জাতিসংঘ। এদের মধ্যে আট বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ওইসব দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে মেডেল তুলে দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের পক্ষে এই মেডেল গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মেডেল পাওয়া ৮ বাংলাদেশি হলেন মালিতে নিয়োজিত মিনুস্মা মিশনের ওয়ারেন্ট অফিসার আবদুল মো. হালিম, কঙ্গোতে নিয়োজিত মনুস্কো মিশনের ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইমাম ভূঁইয়া, সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট এমডি মোবারক হোসেন ও ল্যান্স কর্পোরাল মো. সাইফুল ইসলাম। এ ছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত মিনুস্কা মিশনের ল্যান্স কর্পোরাল মো. আবদুল্লাহ আল মামুন ও সার্জেন্ট মো. ইব্রাহীম এবং দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস মিশনের ওয়াসারম্যান নুরুল আমিন।
‘স্থায়ী শান্তির পথে : শান্তি ও নিরাপত্তার জন্য যুব-শক্তিকে বৃদ্ধি করা’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে দেশে আজ শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থেকে সকালে ‘শান্তিরক্ষী র্যালি’ অনুষ্ঠান উদ্বোধন করবেন। পরে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। সেনাকুঞ্জে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে ভিটিসির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, দিবসটির তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশেষ জার্নাল ও জাতীয় দৈনিকগুলোয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ টকশো প্রচারিত হচ্ছে।
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যরা, তিন বাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
