নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা রুজুর মাত্র ১০ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
এ বিষয়ে বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, মদনগঞ্জ ট্রলার ঘাট এলাকার কর্ণফুলী ডকইয়ার্ড শিপ বিল্ডার্সে চুরির ঘটনায় গত বুধবার বেলা ২টায় থানায় মামলা রুজু করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে এসআই সাইফুল আলম পাটোয়ারী আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোস্তফাকে শনাক্তের পর গ্রেপ্তার ও চুরি যাওয়া ৫ হাজার টাকা মূল্যের চারটি লোহার রিং উদ্ধার করেন।
পরে তদন্ত শেষে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে রাত ১১টা ৫৫ মিনিটে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। নানা কারণে এক সময় মামলার তদন্তকাজ দিনের পর দিন মুলতবি থাকত। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে দ্রুত অপরাধীকে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ ও অভিযোগপত্র দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার মামলার বাদী কর্ণফুলী শিপ বিল্ডার্সের নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম জানান, ১২০ কেজি ওজনের চারটি লোহার রিং চুরির ঘটনায় মাহামুদ নগরের মৃত চান মিয়ার ছেলে মোস্তফাকে সন্দেহ করা হয়। বিষয়টি থানায় জানানো হলে দ্রুত পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করে। পুলিশের এমন তৎপরতায় খুবই খুশি বলে জানান তিনি।
