চট্টগ্রাম নগরীতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় দল বেঁধে ধর্ষণ করা হয় পোশাককর্মীকে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলো ধর্ষণে অভিযুক্ত সাইফুর রহমান সুমন (২৮) ও মেহেদী হাসান জনি (৩২) এবং তাদের সহায়তাকারী মো. আলম (২৫)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই পোশাককর্মী কারখানা থেকে বেরিয়ে শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের সামনে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। সেখানে সুমন ও জনি তরুণীর বন্ধুকে মারধর করে সরে যেতে বাধ্য করে। পরে তরুণীকে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারের ভবনে সিঁড়ির পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সুমন ও জনি। আর পুরো ঘটনার সময় তাদের নিরাপত্তায় পাহারা দিচ্ছিল আলম।
ওই তরুণীর অভিযোগের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান আরও বলেন, এ ঘটনার পর সুমন ও জনি গিয়ে আবার তরুণীর বন্ধুকে ধরে আনে। তাদের পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইলে ছবি তুলে আবারও মারধর করে ছেড়ে দেয়। এরপর তরুণী ও তার বন্ধু থানায় এসে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে শেরশাহ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে বায়েজিদ বোস্তামী এলাকার স্থানীয়রা জানিয়েছেন, আটক তিনজনই বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির। সরকারি দলের কর্মী পরিচয়ে এলাকায় গ্যাং কালচার তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ।
