এ বছর অক্টোবরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে বর্তমান করোনা পরিস্থিতিতে ঝুলে আছে বিশ্বকাপ ভাগ্য। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে স্থগিত থাকা ২০২১ আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। বিসিসিআই বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে সময় চেয়েছে। কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে আলোচনার শেষ নেই। কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম বিশ্বকাপের ফেবারিট হিসেবে চার দলকে নির্বাচন করেছেন। সেই দলে নেই পাকিস্তান।
ওয়াসিম আকরাম মনে করেন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট ভারত। এআরওয়াই নিউজকে বলেন, ‘আমার ধারণা, মূল দলগুলোর মধ্যে ভারত সবচেয়ে ফেবারিট। ওরা ভয়ডরহীন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। ইংল্যান্ডও থাকবে। নিউজিল্যান্ডও। আর আপনি কখনোই ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে বলতে পারেন না। যদি ওদের মূল খেলোয়াড়েরা থাকে, ওদের ভয় দেখানোর অভ্যাস আছে।’
