বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দিবসটি পালন করে দলটি।
সকালে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে। তারাই আজকে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে।’
স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল মুক্তিযোদ্ধা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব, জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি। এদেশের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। শুধু ধ্বংসই করেছে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা। দেশের সবচেয়ে সংকটময় মুহূর্তে তিনি জাতির সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। ’৭১ সালে তিনি সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ : জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দলের মহাসচিবকে নিয়ে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ। বংশাল থানা বিএনপির আয়োজনে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন দলের মহাসচিব।
এর আগে রাজধানীর ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রবি সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি প্যাকেটে লুঙ্গি, শাড়ি, শুকনা খাবার রয়েছে। এ ছাড়া দেওয়া হয়েছে নগদ অর্থ।’
বেলা ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন ও খিলগাঁও জোরপুকুর মাঠসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ সোমবার ও মঙ্গলবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীতে তিন দিনে সব মিলিয়ে ৮০টি স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবে বিএনপি।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জিয়ার ছবি সংবলিত পোস্টার প্রকাশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো; কয়েকটি দৈনিকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে কেন্দ্রীয়ভাবে ১৫ দিনের কর্মসূচি নিয়েছে তার হাতে গড়া দল বিএনপি।
