শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত

আপডেট : ৩১ মে ২০২১, ০৫:৫০ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে গতকাল রবিবার বেলা ৩টার দিকে বজ্রপাতে দুই কৃষক নিহত ও এক নারী আহত হয়েছেন। নিহতরা হলেন একই গ্রামের সোহেল রানা (৪২) ও জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী হলেন আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)। এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস সাত্তার জানান, গতকাল বিকেলে তারা দুজন বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারা তখন পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এ বজ্রপাতের আঘাতে ওই তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুন চিকিৎসার পর সুস্থ আছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, কোনো অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত