টিকায় কাজ না হওয়ায় পুনেওয়ালার নামে এফআইআর

আপডেট : ৩১ মে ২০২১, ০২:৫৩ পিএম

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালার বিরুদ্ধে থানায় সাধারণ অভিযোগ দায়ের করেছেন ভারতের লখনউয়ের এক বাসিন্দা। তার দাবি, কোভিশিল্ড টিকা নিয়েও তৈরি হয়নি অ্যান্টিবডি।

ইন্ডিয়া ‍টু ডে জানিয়েছে, লখনউয়ের আশিয়ানা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতাপ চন্দ্র নামের ওই ব্যক্তি।

তার দাবি, গত ৮ এপ্রিল তিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন।  এর ২৮ দিন পর তার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। নির্দিষ্ট দিনে টিকা নিতে গেলে তাকে বলা হয়, প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময় বাড়িয়ে ৬ সপ্তাহ করা হয়েছে। পরে ওই সময় আরও বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়।

প্রতাপ বলেন, টিকা নেওয়ার পর থেকে তিনি সুস্থ বোধ করছেন না। সরকার অনুমোদিত একটি পরীক্ষাগার থেকে তিনি কভিড অ্যান্টিবডি পরীক্ষাও করিয়েছেন। কিন্তু তার রক্তে প্লাটিলেট কাউন্ট কমে গেছে।

পুনেওয়ালা ছাড়াও ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, যুগ্ম সচিব লব আগরওয়াল, আইসিএমআর-এর কর্মকর্তা বলরাম ভার্গব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা অপর্ণা উপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রতাপ। তবে ওই অভিযোগের ভিত্তিতে এখনও মামলা দায়ের হয়নি।

মামলা না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত