‘জায়গাটা নষ্ট করা যাবে না, বিতর্কিত কিছু করা যাবে না’

আপডেট : ০১ জুন ২০২১, ০১:৫৯ এএম

এস এ হক অলিক। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র-নির্মাণের সব শাখাতেই তিনি সিদ্ধহস্ত। গীতিকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন। দীর্ঘদিন পর একটি ধারাবাহিক নাটকে অভিনয়ও করলেন। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

সাম্প্রতিক কাজ

এখনো শুট শুরু করিনি। করোনা-টরোনাসহ নানা কারণে ডিরেকশনের কাজ এখনো শুরু করতে পারিনি। পরিকল্পনা চলছে। ঈদকে কেন্দ্র করে কয়েকটা কাজ করব। সবকিছু গুছিয়ে খুব শিগগিরই শুটিং শুরু করব।

একটা ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা শুনলাম….

সম্প্রতি রওনক হাসানের একটা ধারাবাহিক নাটকের শুটিং করলাম। রওনকের রচনা ও পরিচালনায় ‘বিবাহ’ হবে নামের ধারাবাহিকটি বাংলা ভিশনে চলছে। তো রওনক অনেক দিন ধরেই আমাকে বলতেছিল, একটা চরিত্র তার মাথায় আসছে আমাকে নিতে চায়। দুই ভাইয়ের একটা চরিত্র। দুই ভাই একই সঙ্গে এন্টি নিবে স্ক্রিনে। হঠাৎ করে পর্দায় হাজির হলেও তাদের একটা গল্প আছে। গল্পটা এখানে প্রকাশ করতে চাচ্ছি না। দর্শকদের ভাল্লাগবে। ও কেন আমাকে ভাবছে জানি না। প্রায় মাস খানেক ধরেই বলতেছিল। তবে অ্যাক্টিং করতে গিয়ে ভালো লেগেছে। ওর কো-অপারেশন, ওর সঙ্গে কথা বলে কিভাবে অভিনয় করা  যায় সেসব ঠিক করেছি। যদিও আমি নিয়মিত অভিনেতা না, কিন্তু দর্শক তো তা বুঝবে না। তারপরও চেষ্টা করেছি কিভাবে ওই চরিত্রের সঙ্গে মিলে যাওয়া যায় বা মিশে যাওয়া যায়।

image

বহুদিন পর অভিনয় করলেন…

হ্যাঁ, যদিও অভিনয় দিয়েই আমার ক্যারিয়ারটা শুরু। কিন্তু ওইভাবে পরে আর অভিনয় করা হয় নাই। এরপর পরিচালনায় চলে এসেছি। এখানেই বেশি ব্যস্ত হয়ে পড়ি।

অভিনেতা না হওয়ার জন্য কোনো আফসোস কাজ করে আপনার?

মোটেই না, সেজন্য কোনো আফসোস কাজ করে না। অভিনয়ের ক্ষুধা আছে এটা ঠিক, কিন্তু আফসোস কাজ করে না। এর কারণ হচ্ছে নির্মাতা হিসেবে আমি এনজয় করি। নাটক বানাই বা ওইরকম কোনো একটা কাজ করি বা সিনেমা বানাইছি যখন বা ভবিষ্যতে বানাব যখন- তো বানানোর পর মনে হয় নতুন সৃষ্টির স্বাদ আলাদা। নতুন কিছু যখন বানাই তখন এটা উপভোগ করার ব্যাপারটা আলাদা । বা একজন লেখক বা গীতিকার হিসেবে যখন কোনো গান সৃষ্টি করি তখনো অন্যরকম একটা স্বাদ অনুভব করি। অভিনয় করতে ইচ্ছে করে ঠিক, কিন্ত ওই অর্থে করা হয়ে উঠে না।

image

তো নিয়মিত অভিনয় করার ইচ্ছে আছে কিনা…

এটা বলা খুব মুশকিল। অভিনয়ের ক্ষুধা যেহেতু আছে, তো ওইরকম সুযোগ পেলে অবশ্যই ক্ষুধা মেটাব। তবে নিয়মিত অভিনয় করার কোনো সম্ভাবনা নাই। যেহেতু মনেপ্রাণে আমি একজন নির্মাতা ফলে নির্মাণ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

নতুন সিনেমার পরিকল্পনা

অনুদানের সিনেমার কাজটা শিগগিরই শুরু করব। কোভিডের কারণে সিনেমাটার শুটিংয়ের পরিকল্পনা করতে পারছিলাম না। মুক্তিযুদ্ধের মতো বড় আয়োজন আছে সিনেমাটায় এগুলো তো কোভিডের ভেতর করা সম্ভব না। প্রি প্রোডাকশনের কাজটা টুকটাক করে করছি। ইচ্ছে আছে কোরবানীর ঈদের পর ছবিটির শুটিং শুরু করব।

image

এখন তো প্রচুর ওয়েব কনটেন্ট নির্মিত হচ্ছে। এই প্ল্যাটফর্মের জন্য কিছু করছেন কিনা…

এসব প্ল্যাটফর্মে কাজের ব্যাপারেও কথা হচ্ছে। গত ৫ বছর ধরে আমার নির্মাণের দিকে নজর একটু কমই ছিল। সংগঠনসহ নানা ব্যস্ততার কারণে নির্মাণে অতটা সময় দিতে পারিনি। সাংগঠনিক কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে বেশি করে কাজ করা উচিত, কারণ একটা নতুন অধ্যায়ে পা দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। ওয়েবের দারুণ সম্ভাবনা রয়েছে। যারা কাজ করছে তারা খুব ভালো কাজ করছে। সে জায়গা থেকে ইচ্ছে আছে ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কিছু কাজ করার। সিনেমার এবং ঈদের নাটক নির্মাণের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মের জন্যও কাজ শুরু করব। খুব শিগগিরই হয়তো সুখবর দিতে পারব।

নতুন প্ল্যাটফর্মের আগমনকে কীভাবে দেখছেন?

এটা তো একটা দারুণ সম্ভাবনার জায়গা। নির্মাতা হিসেবে বা ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে সচেতন থাকতে হবে জায়গাটা নষ্ট করা যাবে না, বিতর্কিত কিছু করা যাবে না আবার সুযোগটাকেও নষ্ট করা যাবে না। সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে। সারা পৃথিবীর কাছে নির্মাতা এবং অভিনেতা-অভিনেত্রীদের নিজেকে চেনানোর সুযোগ এটা। এমনভাবে কাজ করতে হবে যাতে আন্তর্জাতিক মহলে নিজের দেশটাকে প্রেজেন্ট করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত