করোনা রোধে ব্র্যাকসহ অংশীদারদের সম্মিলিত উদ্যোগ

৩৫ জেলায় ১ কোটি ৩০ লাখ মাস্ক বিতরণ শুরু

আপডেট : ০২ জুন ২০২১, ১২:১৭ এএম

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩৫টি জেলায় মানুষকে মাস্ক দিয়ে সহায়তার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা নির্বাচন করে করোনা সংক্রমণ মোকাবিলায় জেলাগুলোতে মোট ১ কোটি ৩০ লাখ মাস্ক বিতরণ শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে এক ডিজিটাল প্রেস কনফারেন্সে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই ঘোষণা দেন।  

কমিউনিটিকে সংযুক্তিকরণ এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশের সিভিল সোসাইটি অরগানাইজেশনগুলোর সম্মিলিত মঞ্চ সিএসও অ্যালায়েন্স এবং জাতিসংঘের সংস্থাগুলোকে নিয়ে কাজ শুরু করেছে তারা। নির্বাচিত জেলাসমূহে ৪১টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এই উদ্যোগে সহযোগী হিসেবে অংশ নিচ্ছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অনুদান ও ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে এই কর্মসূচির মূল অর্থায়ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও দাতা সংস্থা এর সঙ্গে যুক্ত হচ্ছে, যাদের মধ্যে অস্ট্রেলিয়া সরকার অন্যতম। 

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ গড়তে চাই সমাজের সব স্তরের মানুষের সংযোগ ও সদিচ্ছা, বিশেষত স্থানীয় পর্যায়ের মানুষের নেতৃত্ব। দেশের সব মানুষ করোনা টিকার অধীনে না আসা পর্যন্ত, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ছি, পাশে পেয়েছি ৪১টি সহযোগী উন্নয়ন সংস্থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত