আর্জেন্টিনা ঐক্যবদ্ধ তাই খুশি মেসি

আপডেট : ০২ জুন ২০২১, ১২:৪৭ এএম

আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জিততে না পারার দুঃখ লিওনেল মেসির পুরো ক্যারিয়ার জুড়েই। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা; তিনটি আসরে দেশের জার্সিতে ট্রফি জয়ের খুব কাছে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। তাই আবারও আশায় বুক বেঁধেছেন সামনের কোপা আমেরিকা নিয়ে। বার্সেলোনা তারকার জন্য এই স্বপ্নের পথে সবচেয়ে খুশির খবর বর্তমান দল। মেসি নিজেই জানালেন বর্তমান দলটি তার পছন্দের, কারণ দলটি বেশ ঐক্যবদ্ধ।

করোনার কারণে কোপা হওয়া নিয়ে শঙ্কা জেগেছে। তাই বলে অনুশীলন থেমে নেই। কোপা আমেরিকাসহ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় বলেন, ‘দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি। আমরা এক অদ্ভুত ও ভিন্নরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, কঠোর পরিশ্রম করছি এবং বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত এবং ভালো করার জন্য ক্ষুধার্ত। আমরা (আর্জেন্টিনা) শক্ত একটা ভিত নিয়ে খুব ঐক্যবদ্ধ একটা দল। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর এবং তার নেওয়া তরুণ খেলোয়াড়দের নিয়ে দলটা গড়ে উঠেছে। আমাদের দারুণ একটি দল আছে এবং এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

কোপা আমেরিকার গত আসরে চিলিকে হারিয়ে তৃতীয় হয়েছিল আর্জেন্টিনা। এর আগের দুই আসরের ফাইনালে এই দলের কাছেই টাইব্রেকারে হেরেছিল মেসিরা। সেসব অর্জনে সন্তুষ্ট নন মেসি। জানান, ‘গত কোপা আমেরিকায় আমরা ভালো একটি ছাপ রেখেছিলাম। কিন্তু এতেই আমরা খুশি হতে পারি না। আমরা উন্নতি করে যেতে চাই।’ সবশেষ গত নভেম্বরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই আন্তর্জাতিক সূচিতে বাছাইপর্বে প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর পেরুর মাঠে ২-০ গোলে জিতেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে মার্চে ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় ওই দুই রাউন্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত