ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিস ইস্যু করা হবে না, বিনা নোটিসেই তাদের উচ্ছেদ করা হবে। গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, খালটি ৬০ ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এর আগে একাধিকবার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি বলেই আজ বিনা নোটিসে এই অভিযান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীর খাল ও নদীগুলো উদ্ধার করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ইতিমধ্যে যারা খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে; অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
