অভিষেক, তাও লর্ডসে! সেঞ্চুরি দিয়েই রাঙালেন ডেভন কনওয়ে। দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত এই কিউই ওপেনার গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনের চা-বিরতির পর সেঞ্চুরি (১৬৩ বলে) তুলে নেন। সৌরভ গাঙ্গুলি ও ম্যাট প্রায়োরের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি করলেন কনওয়ে। আর নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের ১২তম অভিষেক সেঞ্চুরি এটি। প্রথম দিন শেষে তিনি ব্যাট করছিলেন ১৩৬ রানে, টস জয়ী নিউজিল্যান্ডের রান তখন ২৪৬/৩। অধিনায়ক কেন উইলিয়ামসনের আগে ব্যাট করার সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে পারেনি ইংলিশ বোলাররা। ওপেনিং জুটিতে বুড়ো জিমি অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডকে সামলে ৫৮ রানের জুটি গড়েন টম ল্যাথাম এবং কনওয়ে। ২৩ রানে লাথামকে বোল্ড করেন অভিষিক্ত পেসার ওলি রবিনসন। পরে রস টেইলরকেও ফিরিয়েছেন তিনি। প্রথম ঘণ্টায় ৪৭ রান তুলেও ল্যাথামকে হারানোর পর রান তোলার গতি কমতে থাকে নিউজিল্যান্ডের। ৮৫ রান নিয়ে বিরতি থেকে ফেরা কিউইদের বোতলবন্দি করে রাখেন ইংলিশ পেসাররা সুশৃঙ্খল বোলিংয়ে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা স্যার অ্যালিস্টার কুকের সমান ১৬১তম ম্যাচ খেলতে নামা অ্যান্ডারসন নিখুঁত লাইন লেন্থে বল করে উইলিয়ামসনের উইকেট তুলে নেন। চতুর্থ উইকেটে হেনরি নিকলসকে নিয়ে কনওয়ে ১৩২ রান তুলে অবিচ্ছিন্ন আছেন। এই ম্যাচের তৃতীয় অভিষিক্ত ইংলিশ উইকেটকিপার জেমস ব্রেসি।
×
