ফিনল্যান্ডের ভরসা টিমু পুক্কি

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৪৮ এএম

আইস হকিতে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন ফিনল্যান্ড। তবে ২০১৯ সালের ১৫ নভেম্বর দিনটি ফিনল্যান্ডের মানুষ মনে রাখবে ফুটবল সাফল্যের জন্য। এদিন জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। এবার ইউরোতে ফিনল্যান্ডের সবচেয়ে ভরসার নাম স্ট্রাইকার টিমু পুক্কি। ইউরোর বাছাইপর্বে পুক্কি করেছেন ১০ গোল। এ ছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে পুক্কিতে ভর করেই এক বছর পরই ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে নরউইচ সিটি। তার ২৬ গোল ভূমিকা রেখেছে দ্বিতীয় বিভাগ শিরোপা জয়ে। জাতীয় দলের কোচ মার্কু কানেরভা বলেন, ‘পুক্কি আমাদের স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আমি দলগত খেলার ওপর জোর  দেব। অন্য খেলোয়াড়দের তাকে (পুক্কিকে) সহায়তা করতে হবে গোল করায়। বড় দলগুলোর সঙ্গে ভালো ডিফেন্স করতে হবে।’ ২০০৯ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা পুক্কি গোল করেছেন ৩০টি। ফিনল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ইয়ারি লিটমানেনের কীর্তিকে ছাড়িয়ে যেতে আর ৩ গোল দরকার তার। ফিফা র‌্যাংকিংয়ে ৫৪ নম্বরে ফিনল্যান্ড এবার ইউরোতে কেমন করে সেটিই হবে দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত