করোনা পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত পদ্ধতি চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের সুপারিশের আলোকে করা পরীক্ষা পদ্ধতি সিন্ডিকেট সভায় অনুমোদন পেয়েছে। এ পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা শুরু হবে।
অনলাইনে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে প্রতিটি কোর্সে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, সময় বেঁধে দিয়ে ১০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৫০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কোর্সের পূর্ণমানে রূপান্তরিত হবে। এর বাইরে পরীক্ষায় ক্লাসে উপস্থিতি ও অনুশীলনী পরীক্ষার নম্বর যুক্ত হবে।
বিভাগগুলো চাইলে অগ্রাধিকারভিত্তিতে পিছিয়ে পড়া, এমনকি একাধিক ব্যাচের পরীক্ষাও নিতে পারবে। শিক্ষার্থীদের কিছুদিন সময় দিয়ে বিভাগগুলো পরীক্ষা শুরু করবে বলে জানান অধ্যাপক নূরুল আলম।
