নিরাপত্তাহীন পরাজিত তারকারা!

আপডেট : ০৩ জুন ২০২১, ০৫:২২ পিএম

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভরসা করে প্রার্থী করেছিল কলকাতার শোবিজ তারকাদের। কিন্তু এত তারকাদের মধ্যে শুধু জয় পেয়েছেন হিরণ ও অগ্নিমিত্রা পল। যশ, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্ণো মিত্র, রুদ্রনীল ঘোষদের মতো তুমুল জনপ্রিয় তারকারা বিপুল ভোটে হেরেছেন

তৃণমূলের কাছে। আর এবার ভোটে হেরে যাওয়া সেসব তারকা প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো। সবার কাছে এই মর্মে চিঠিও পৌঁছে গেছে। এখন কোনো প্রার্থী যদি মনে করেন, তার নিরাপত্তার প্রয়োজন আছে, তাহলে তাকে সে বিষয়ে উপযুক্ত কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে কেন্দ্রের কাছে। ভোটের আগে প্রত্যেককেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময়ও দেখা যেত বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর সেনারা। আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার এক মাস যেতে না যেতে কেন্দ্রের এই সিদ্ধান্তে অবাক অনেকেই। যদিও রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি, তারকা প্রার্থী ছাড়াও বেশ কিছু বিজেপি নেতা-নেত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল নির্বাচন পর্যন্ত। নির্বাচন যেহেতু শেষ, তাই কেন্দ্র থেকে পলিসিগত কারণে নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যখন নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, তখন দিয়েছে, পরে প্রয়োজন পড়লে আবার দেওয়া হবে। আপাতত, বিধানসভা নির্বাচনে যারা জিতেছে তাদের এখন কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত