ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটা ছিল দারুণ উপভোগ্য। বৃহস্পতিবার দিনের খেলা শেষ হলো স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর বার্তায়।
ডেভন কনওয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৮ রানের পুঁজি গড়ে। ইংলিশরা তাদের প্রথম ইনিংস শুরু করে ১৮ রান যোগ করতেই হারিয়ে ফেলে ২ উইকেট। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে ১১১ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড।
রবি বার্নস ৫৯ রানে অপরাজিত আছেন। ১৩৪ বলে ৮ চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। অধিনায়ক জো রুট ৪২ রানে অপরাজিত। তার ১১২ বলের ইনিংসে রয়েছে ৫টি চার।
ওপেনার ডমিনিক শিবলি রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন জেমিনসনের শিকার হয়ে। তিনে নামা জ্যাক ক্রলিকে ফিরতে হয় ব্যক্তিগত ২ রানেই। সাউদির শিকার তিনি।
এর আগে ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করেন কনওয়ে। লর্ডসের মাঠে টেস্ট অভিষেকে এমন কীর্তি এই প্রথম। ৩৪৭ বল খেলে ২২ চার ও ১ ছক্কায় ঠিক ২০০ রান করেন কনওয়ে।
আগের দিন ওপেন করতে নেমে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন অলি রবিনসন। ৩ উইকেট নিয়েছেন মার্ক উড।
