বাজেটকে লুণ্ঠনবান্ধব বলল শরিকরা

আপডেট : ০৪ জুন ২০২১, ০২:৪৭ এএম

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের ঘোষিত বাজেটকে অতিধনী ও সামরিক-বেসামরিক আমলাদের লক্ষ্য পূরণের বাজেট হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের আদর্শিক জোট ১৪ দলের নেতারা। আওয়ামী লীগ বাজেটকে জীবন-জীবিকা বাঁচানোর বাজেট বললেও জোটের নেতারা একে দুর্নীতি ও লুণ্ঠনবান্ধব বাজেট হিসেবে অভিহিত করেছেন।

গতকাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এই বাজেটকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জনবান্ধব ও উন্নয়নবান্ধব হিসেবে দাবি করা হয়েছে। সরকারে থাকা দলটির ভাষ্য, জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।

তবে শরিক দলের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী যে চারটি কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন আমরা বাজেটে তার বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারও দেখিনি। আসলে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের অর্থনীতি অতিধনী এবং সামরিক-বেসামরিক আমলাদের লক্ষ্য-উদ্দেশ্য পূরণের জন্য হচ্ছে।

রাশেদ খান মেনন বলেন, ‘যদিও বলা হয়েছে জীবন-জীবিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ, অর্থনৈতিক অগ্রগতির কথা বলা হয়েছে কিন্তু আসলে এটা প্রবৃদ্ধি পাবে না। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে সেটা কোনো সন্দেহ নেই সেটা প্রশংসনীয়। কিন্তু নতুন যে দুই কোটি থেকে আড়াই কোটি মানুষ গরিব হয়ে গেল এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে  বলেন, এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। হাসানুল হক ইনু বলেন, বাজেটে অর্থমন্ত্রী গতানুগতিকতার বাইরে আসার কথা বললেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। সামষ্টিক অর্থনীতির সাফল্য থাকলেও কভিড-১৯-এর অভিঘাত থেকে অর্থনীতিকে সচল রাখার সফলতা থাকলেও এবার আশা করেছিলাম এই বাজেট স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিক বদলকারী পদক্ষেপ নেবেন।’

তিনি বলেন, ‘এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নেই। এই বাজেটে আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যেটুকু কমতি, ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে সম্পূর্ণ ব্যর্থতার যে ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করে এবং তার থেকে কীভাবে উদ্ধার পাব সে ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই।’

জাসদ সভাপতি আরও বলেন, স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী এই বাজেটে দেননি। আমি মনে করেছিলাম উপযুক্ত মনিটরিং ব্যবস্থা এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আরও পরিষ্কার করবেন। কেন ব্যর্থ হলো, কারা ব্যর্থ হলো তাদেরকে দায়বদ্ধ করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’

জাসদ আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আমার কাছে বাজেট দুর্নীতি ও লুণ্ঠনবান্ধব বাজেট। জনগণের কল্যাণের বাজেট হয়নি। তিনি বলেন, যেখানে বরাদ্দ বেশি হবে সেখানে লুণ্ঠন-দুর্নীতি বেশি হবে।’

তবে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। হানিফ বলেন, গত একটি বছর করোনা মহামারীর কারণে সারা বিশ্বে অর্থনীতি যখন বিপর্যস্ত সেই করোনা মহামারীর ঘাতকে কাটিয়ে আমাদের অর্থনীতিকে আরও বেগবান, আরও সচল করার জন্য এই বাজেট পেশ করা হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি এই বাজেটটা অত্যন্ত ভালো, গণমুখী এবং জনবান্ধব বাজেট। এই বাজেটটা অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত