বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে খাগড়াছড়ি শহরের উদ্যান সংরক্ষণ, ঈদগাহ মাঠে অবৈধভাবে নির্মিত বহুতল মার্কেট অপসারণ এবং পুকুর সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে ওই মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কোনো নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দখল করে বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এমনকি শহরের দুটি পুকুরে মার্কেট নির্মাণের পাঁয়তারা চলছে।
মানববন্ধনে খাড়াছড়ির শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক গফুর আহম্মেদ, গবেষক ও উন্নয়নকর্মী মথুর বিকাশ ত্রিপুুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সংগঠক অপু দত্ত।
