চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে আবদুস শুক্কুর (৪০) নামে একজনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৮ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর লিচুতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবদুস শুক্কুর উপজেলার বড়উঠান ইউনিয়নের আলীনগর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
তেল চোরাচালানের খবর পেয়ে র্যাব-৭-এর একটি দল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহ মীরপুর লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে একটি গুদাম থেকে ৮ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।
