দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসের নতুন গান ‘বাটার’ বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন তারা। এর আগেও তিনবার বিলবোর্ড হট চার্টের শীর্ষস্থান দখল করেছিল বিটিএস। মাত্র নয় মাসে মোট চারবার এই স্থান পেল বিটিএস। মাইকেল জ্যাকসনের পরে এটাই রেকর্ড। ১৯৭০ সালে মাইকেল জ্যাকসনের ৫টি গান বিলবোর্ড হট চার্টের শীর্ষে উঠেছিল। বিশ্বজুড়ে রাজত্ব করা দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’ গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাঁচটি রেকর্ড ভেঙেছে। এর মধ্যে চারটিই সদ্য প্রকাশ পাওয়া ‘বাটার’ গানের দখলে। ২৫ মে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাটার’ গানের প্রিমিয়ার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ২১ মে। ভিডিওটি দেখেছেন ৩ দশমিক ৯ মিলিয়ন ভিউয়ার। এটি এখন পর্যন্ত ইউটিউবে সর্বোচ্চ। এর আগেও এই রেকর্ড ‘বিটিএস’-এর দখলেই ছিল। ‘ডায়নামাইট’ গানের জন্য এই রেকর্ড অর্জন করেছিল তারা। ‘বাটার’ গানটি ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ডও গড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ‘বাটার’ গানটি দেখা হয়েছে ১০৮ দশমিক ২ মিলিয়ন বার। যেখানে বিটিএসের ‘ডায়নামাইট’ গানটির ২৪ ঘণ্টায় দেখা হয়েছিল ১০১ দশমিক ১ মিলিয়ন বার। বিটিএসের ঝুলিতে বর্তমানে ২৩টি বিশ্ব রেকর্ড আছে। এই মুহূর্তে সংগীত জগতে তাদেরই সবচেয়ে শক্তিধর বলে মনে করা হয়।
×
