চাঁদাবাজিতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা

আপডেট : ০৪ জুন ২০২১, ১১:৫৫ পিএম

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করে দেওয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তারা হলো আশুলিয়ার কাইচাবাড়ি কালারটেক এলাকার ইদ্রিস আলীর ছেলে মামুন (৪০), টাঙ্গাইলের মধুপুরের দরিহাতি গ্রামের শমশের মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৩৮) ও সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার কান্দাপাগা গ্রামের নুরুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৯)।

গতকাল শুক্রবার আশুলিয়া থানার এসআই মো. হারুন-অর-রশীদ জানান, বাইপাইল এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে বিভিন্ন পরিবহন থামিয়ে দীর্ঘদিন চাঁদা আদায় করে আসছে দুর্বৃত্তরা। তারা মহাসড়কে থামিয়ে গাড়িপ্রতি ১০০ টাকা করে আদায় করে। এতে মহাসড়কে যানজট লেগে থাকে ও যাত্রীরা ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার রাতে চাঁদাবাজির খবর পেয়ে তিনিসহ এসআই আসাওয়াদুর রহমান ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায় বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ২০-৩০ জন এসে তাদের ঘিরে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার ও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এদের মধ্যে দুজনের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই হারুন-অর-রশিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পলাতক আসামিরা আশুলিয়ার বাইপাইল পূর্বপাড়া এলাকার মৃত মীর আলী মন্ডলের ছেলে বাদশা মন্ডল (৪২), একই এলাকার স্বপনের বাড়ির ভাড়াটিয়া মেহেদী (৪০), ইউনিক এলাকার সেলিম (৩৫), গাজিরচট এলাকার আনোয়ার হোসেন (৩৫), টাঙ্গাইলের মধুপুর থানার জলছত্র গ্রামের হৃদয় (৩৫) ও জামালপুরের মাদারগঞ্জ থানার সুজনকে (৩২) ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত