আলোচনা সভায় মির্জা আব্বাস

দেশে পুলিশি শাসন চলছে

আপডেট : ০৪ জুন ২০২১, ১১:৫৬ পিএম

দেশে বর্তমানে পুলিশি শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ছিনতাই করেছে। দেশে পুলিশি শাসন চলছে। মানুষের ভোটের অধিকার নেই। সব মিলিয়ে আমাদের ওপর একটি দুঃশাসন চেপে বসেছে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে আজ দেশ চলছে। তাদের খুশি করতেই আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।’

গত ১২ বছরের মতো এবারের বাজেটও জনবান্ধব না হয়ে আওয়ামীবান্ধব হবে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমি এখনো বাজেট পড়িনি। তবে এটা বলতে পারি, গত ১২ বছরের বাজেটগুলো ছিল আওয়ামীবান্ধব। এ বাজেট জনবান্ধব হবে না এটা নিশ্চিত থাকেন। লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।’

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমানতুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত