গণমাধ্যমে গুঞ্জন, করোনা মহামারী পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকায় খেলতে চান না ব্রাজিল দলের অনেকে। নিজ দেশে কোপা টুর্নামেন্ট হওয়ায় অসন্তুষ্ট অনেক ফুটবলার। ব্রাজিলের কোচ তিতে নিজেই জানালেন সেই কথা। সেই অসন্তুষ্টির কারণে কাতার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি ব্রাজিলের অধিনায়ক কাসেমিরো। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ শেষে কোপা নিয়ে নিজেদের অবস্থান জানাবে ব্রাজিল ফুটবল দল। পাঠক যখন এই রিপোর্টটি পড়ছেন ততক্ষণে হয়তো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমে পড়েছে ব্রাজিল। নিজেদের মাঠে ব্রাজিলের ইকুয়েডরের সঙ্গে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা। ব্রাজিল আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে। আগের চার ম্যাচের প্রতিটি জিতেছে তারা।
কোপা আমেরিকায় খেলার বিষয়ে দলের মধ্যে আলোচনা বৃহস্পতিবারই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিতে। ব্রাজিল কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের একটা অবস্থান আছে, কিন্তু এখনই তা প্রকাশ করছি না। ইকুয়েডরের বিপক্ষে ভালো খেলা ও জয়ের দায়বদ্ধতা আছে আমাদের। এই ফিফা ম্যাচগুলোর পর পরিস্থিতি বোঝা যাবে। খেলোয়াড়দের একটা মতামত আছে। তারা এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে। ফুটবলাররা সঠিক মানুষের সঙ্গেই কথা বলেছে। এই জন্য আমাদের অধিনায়ক সংবাদ সম্মেলনে আসেনি।’ কোপা আমেরিকার আয়োজক প্রথমে ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনা। কলম্বিয়া থেকে কোপা সরানো হয় অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে। এরপর আর্জেন্টিনা থেকে সরানো হয় করোনা পরিস্থিতির কারণে। কিন্তু ব্রাজিলেও করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। সরকারি হিসাব মতে, বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৯১ জন, মারা গেছেন ১ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত ব্রাজিলে এই ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে এবং বিশ্বে দ্বিতীয় ব্রাজিল। ইন্টারনেট।
