দুই চ্যাম্পিয়নের গ্রুপে এগিয়ে বেলজিয়াম

আপডেট : ০৫ জুন ২০২১, ১২:৫০ এএম

ইউরো চ্যাম্পিয়নশিপে এবার গ্রুপ ‘বি’তে আছে বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া ও ফিনল্যান্ড। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন) ও ডেনমার্কের আছে ইউরো জয়ের অতীত ইতিহাস। আর ফিনল্যান্ড এবারই প্রথমবারের মতো খেলছে আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্টে।

বর্তমানে শক্তির বিচারে গ্রুপে এগিয়ে থাকবে বেলজিয়াম। দেশটির ফুটবলের গোল্ডেন জেনারেশন বলা হয় বর্তমান দলটিকে। ইউরোর বাছাইপর্বে ১০ ম্যাচের সবগুলো জিতেছে তারা। গোল করেছে ৪০টি। হজম করেছে মাত্র ৩ গোল। র‌্যাংকিংয়ে প্রায় তিন বছর ধরে শীর্ষে দলটি। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয় বেলজিয়াম। ২০১৬ ইউরোতে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল রেড ডেভিলসরা। গেল ১১ ম্যাচে মাত্র একটিতে হেরেছে বেলজিয়াম। সেটি ছিল গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের সঙ্গে।

বেলজিয়ামে আছে কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড়। গোলপোস্ট সামলাবেন থিবো কর্তোয়া। সদ্য শেষ হওয়া মৌসুমে লুকাকু ইন্তারের হয়ে জিতেছেন সিরি আ শিরোপা। ইতালিয়ান লিগে ২৪ গোল করেন লুকাকু, যা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ। ডি ব্রুইনে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগসহ জিতেছেন ইংলিশ ঘরোয়া ডাবল। হ্যাজার্ড রিয়ালে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। কিন্তু হ্যাজার্ডের খেলা সম্পর্কে সবারই ধারণা আছে। যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। বেলজিয়াম ১৯৮০ সালে রানার্সআপ হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপে।

ডেনমার্ক ১৯৯২ সালে জিতেছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। সবশেষ ২০১৬ ইউরোতে বাছাইপর্ব পেরোতে পারেনি ডেনমার্ক। এবার বাছাইপর্বে ৪ জয় এবং ৪ ড্রতে ১৬ পয়েন্টে দ্বিতীয় হয় তারা। গোল করে ২৩টি, হজম করে ৬ গোল। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১০ নম্বরে ডেনমার্ক। ডেনমার্কের মূল ভরসা ইন্তার মিলানে খেলা প্লে-মেকার ক্রিশ্চিয়ান এরিকসন। এ ছাড়া দলটির গোলপোস্ট সামলাবেন কিংবদন্তি গোলকিপার পিটার শ্মেইকেলের ছেলে ক্যাসপার শ্মেইকেল। দলে আছেন বার্সেলোনায় খেলা ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট।

ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম সফল দল বলতে হবে রাশিয়া তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে। ১৯৮৮ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন নামে অংশ নেয় ইউরো চ্যাম্পিয়নশিপে। ৯২-তে তারা দলটি অংশ নেয় সিআইএস নামে। পরের আসর থেকে রাশিয়া নামে অংশ নিয়ে আসছে দেশটি। ইউরোর প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। রানার্সআপ হয়েছে তিনবার। তবে সেগুলো সবই অতীত। এখন আগের মতো ধার নেই দলটির। রাশিয়া হওয়ার পর থেকে তাদের বলার মতো সাফল্য ২০০৮-এ সেমিফাইনাল খেলা

(তৃতীয়)। এবার ইউরো বাছাইপর্বে আট ম্যাচে জয় এবং দুটিতে ড্র করেছে রাশিয়া। গ্রুপে রাশিয়া দ্বিতীয় হয় বাছাই পর্বে। বাছাইয়েও তাদের সঙ্গে একই গ্রুপে ছিল বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপে স্বাগতিক রাশিয়া দারুণ খেলেছিল। কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। সেখানে টাইব্রেকে হারে ক্রোয়েশিয়ার কাছে। তাই এ দলটির ভালো করার সামর্থ্য আছে এবার ইউরোতে তা বলার অপেক্ষা রাখে না।

ফিফা র‌্যাংকিংয়ে ৫৪ নম্বর অবস্থানে আছে ফিনল্যান্ড। এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। বাছাইপর্বে ১০ ম্যাচের ছয়টিতে জিতেছে তারা। চারটি করে ড্র। গোল করে ১৬টি। এই ১৬ গোলের ১০টি করেছেন স্ট্রাইকার টিমু পুক্কি। ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে এসে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আইসল্যান্ড। ফিনল্যান্ড কি পারবে এবার তেমন কিছু করে দেখাতে। তা মূল টুর্নামেন্ট শুরু হলেই বোঝা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত