বীরগঞ্জে চার হাত চার পায়ের নবজাতক!

আপডেট : ০৫ জুন ২০২১, ০২:১২ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চার হাত ও পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে বীরগঞ্জ ক্লিনিকে রুনা লায়লা নামে এক প্রসূতি এ ছেলেসন্তান প্রসব করেন।

তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর গোলাম রব্বানীর স্ত্রী। এটি এ দম্পতির দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান কন্যার বয়স ৬ বছর।

চিকিৎসকরা বলছেন, অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি নিয়ে শিশুর জন্ম হতে পারে।

গোলাম রব্বানী জানান, তার স্ত্রী রুনা লায়লা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। বৃহস্পতিবার রাতে প্রসব ব্যথা উঠলে বীরগঞ্জ ক্লিনিকে নেন। ভোরে রুনা লায়লা স্বাভাবিকভাবে ছেলেসন্তান প্রসব করে। নবজাতকের চারটি করে হাত ও পা থাকায় শিশু বিশেষজ্ঞরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। আর্থিক সামর্থ্য নেই। তা ছাড়া শিশুটি সুস্থ ও স্বাভাবিক থাকায় ক্লিনিকের ছাড়পত্র নিয়ে মা-ছেলেকে বাড়িতে নিয়ে আসেন বলে জানান তিনি।

বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানান, প্রসবের পর ভোরে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায়ের কাছে নেওয়া হলে তিনি উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সকাল ১০টার দিকে মা ও নবজাতক নিয়ে বাড়িতে চলে যান গোলাম রব্বানী। মা সুস্থ আছেন। তবে শিশুটির জরুরি উন্নতমানের চিকিৎসা প্রয়োজন বলে জানান তিনি।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ বলেন, ‘অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি হয়। এ ছাড়া গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত হাই-অ্যান্টিবায়োটিক কিংবা পিল সেবনেও এমনটি হতে পারে।’

তিনি বলেন, ‘শিশু ও অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আসল হাত ও পা শনাক্তের মাধ্যমে সার্জারি করলে শিশুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত