ড্রয়ে শেষ স্পেন-পর্তুগালের লড়াই

আপডেট : ০৫ জুন ২০২১, ১০:১১ এএম

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার সমর্থক এসেছিলেন স্পেন-পর্তুগালের ম্যাচ দেখতে। কিন্তু আসন্ন ইউরোর মূল মঞ্চের লড়াই শুরুর আগে ওয়ার্ম-আপ ম্যাচে জেতেনি কেউ। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে স্পেন-পর্তুগালের প্রস্তুতি ম্যাচ।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো ম্যানচেস্টার সিটির সেন্টার-ব্যাক অ্যায়মেরিক লাপোর্তের। জন্ম ফ্রান্সে হলেও ২৭ বছর বয়সী তারকা জাতীয় দল হিসেবে বেছে নিয়েছে স্পেনকে। ফরাসিদের হয়ে বয়সভিত্তিক ফুটবলও খেলেছেন তিনি। তবে ফ্রান্সের সিনিয়র দলে খেলা হয়নি লাপোর্তের। সম্প্রতি তার নাগরিকত্ব অনুমোদন দেয় স্পেন।

এই ওয়ার্ম-আপ ম্যাচে গোল মিস করেছেন দুই দলের দুই জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা। ম্যাচের শেষদিকে স্পেনের এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন মোরাতা। তার শটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সহজ সুযোগ নষ্ট করেছেন স্পেনের ম্যানসিটি তারকা ফেরান তোরেসও।

পর্তুগালের একমাত্র টার্গেট শটটি নিয়েছিলেন দানিলো পেরেইরা। কিন্তু পিএসজি মিডফিল্ডারের হেড সরাসরি গ্লাভস বন্দী করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। নিজের ছন্দে ছিলেন রোনালদো। তার একটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ম্যাচের কিক-অফের আগে জানা যায়, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথ দরপত্র দেবে ইউরোপের দুই প্রতিবেশী স্পেন-পর্তুগাল। ইউরোর ‍মূল লড়াই শুরুর আগে আরেকটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। মঙ্গলবার মাদ্রিদে স্পেন খেলবে লিথুনিয়ার বিপক্ষে। পরদিন লিসবনে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজরা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত