প্রেসিডেন্টের পোস্ট সরানোর পর টুইটার বন্ধ নাইজেরিয়ায়

আপডেট : ০৫ জুন ২০২১, ০৩:১১ পিএম

নাইজেরিয়ান প্রেসিডেন্টের একটি টুইট মুছে ফেলার দুই দিন বাদে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার।

নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের করপোরেট অস্তিত্বের মানহানির সক্ষমতা বিবেচনায় এই অ্যাপের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

টুইটার এই সিদ্ধান্তকে ‘গভীর উদ্বেগের’ বলে মন্তব্য করেছে।

দুদিন আগে প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারীর একটি পোস্ট সরিয়ে নেয় টুইটার। ওই পোস্টে নাইজেরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে ‘সহিংস মন্তব্য’ করা হয়েছিল বলে দাবি টুইটারের।

নাইজেরিয়ান সরকার টুইটার নিষিদ্ধের ঘোষণায় এই ঘটনার কথা অবশ্য উল্লেখ করেনি।

টুইটার জানিয়েছে, তারা দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছে।

এ বিষয়ে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি এএফপিকে বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে টুইটারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।

রয়টার্স জানিয়েছে, শনিবার সকাল থেকে দেশটির ব্যবহারকারীরা টুইটারে ঢুকতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত