শনিবার দুপুরে ধানমন্ডি নগর হাসপাতালে মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান পরিবারের পক্ষ থেকে তাদের মা মরহুমা নিলুফার চৌধুরীর চেহলামের পঞ্চাশ হাজার টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসা সহায়তায় দান করেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ অনুদান গ্রহণ করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান শিল্পী (গায়িকা) জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদারণ সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের পরিবারের পক্ষ থেকে মা মরহুমা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এ টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মিসেস শিরিন শাহাব ও তার ভাই ফারিহান রহমান তাদের কর্তব্য পালন করেছেন।
তিনি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
