আফ্রিকায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২১, ১২:৩৩ এএম

বিশ্বে সার্বিকভাবে করোনা সংক্রমণ কমলেও বাড়ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলে। গত এক সপ্তাহে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় গড়ে ২০ শতাংশ করে শনাক্ত কমলেও ওই তিন মহাদেশে ও ওশেনিয়া মহাদেশে শনাক্ত বেড়েছে। তবে একমাত্র আফ্রিকা ছাড়া বাকি সব অঞ্চলেই কমেছে মৃত্যুহার।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডোমিটারসের হিসাবে, গত এক সপ্তাহে বিশ্বে ৩১ লাখ ১৮ হাজার ৫৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ কম। আগের সপ্তাহে বিশ্বে মোট শনাক্ত ছিল ৩৬ লাখ ৫৪ হাজার ৯০৫ জন। 

একইভাবে গত সপ্তাহে মৃত্যু কমেছে ১১ শতাংশ। ওয়াল্ডোমিটারসের হিসাবে গত সপ্তাহে বিশ্বে মারা গেছে অন্তত ৭০ হাজার ৩৫৫ জন করোনা রোগী। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৭৮ হাজার ৯২৭ জন। 

সপ্তাহ ব্যবধানে সবচেয়ে বেশি রোগী কমেছে এশিয়ায়। মহাদেশটিতে এক সপ্তাহের ব্যবধানে রোগী কমেছে ২৫ শতাংশের বেশি। গত সপ্তাহে এশিয়ায় শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫ হাজার ৮২৬ জন করোনা রোগী। আগের সপ্তাহে যা ছিল ২০ লাখ ১ হাজার ৩৭২ জন। মহাদেশটিতে সপ্তাহ ব্যবধানে মৃত্যুও কমেছে ১৫ শতাংশের মতো। গত সপ্তাহে এই অঞ্চলে মারা গেছে ৩০ হাজার ৭৯৩ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩৬ হাজার ৩২৭ জন।

অন্যদিকে এক সপ্তাহের মধ্যে রোগী বেড়েছে আফ্রিকা মহাদেশে। অঞ্চলটিতে গত সপ্তাহে শনাক্ত বেড়েছে ১৭ শতাংশ। গত সপ্তাহে সেখানে শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৬৮৪ জন করোনা রোগী। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৭২ হাজার ৬৫৪ জন। মহাদেশটিতে বেড়েছে মৃত্যুও। এই বাড়ার হার অবশ্য খুবই কম, শূন্য দশমিক ৯ শতাংশ। গত সপ্তাহে মহাদেশটিতে মারা যায় ১ হাজার ৯২২ জন। আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯০৪ জন।

এ ছাড়া ইউরোপে সপ্তাহ ব্যবধানে শনাক্ত কমেছে ১৩ শতাংশ আর মৃত্যু কমেছে ১৮ শতাংশ। উত্তর আমেরিকায় শনাক্ত কমেছে ২২ শতাংশ আর মৃত্যু কমেছে ১৮ শতাংশ। দক্ষিণ আমেরিকায় সপ্তাহ ব্যবধানে শনাক্ত ৫ শতাংশ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে। আগের সপ্তাহের তুলনায় মহাদেশটিতে মৃত্যু কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। ওশেনিয়া অঞ্চলে সপ্তাহ ব্যবধানে   রোগী বেড়েছে সর্বোচ্চ ২৬ শতাংশ। তবে সংখ্যায় তা খুবই কম। অঞ্চলটিতে গত সপ্তাহে শনাক্ত হয়েছে ৯৬৮ জন, আগের সপ্তাহে যা ছিল ৭৬৯ জন। রোগী সবচেয়ে বেশি বাড়লেও অঞ্চলটিতে সপ্তাহ ব্যবধানে মৃত্যু কমেছে সর্বোচ্চ ১০০ শতাংশ। আগের সপ্তাহে অঞ্চলটিতে ৯ জনের মৃত্যু হলেও গত সপ্তাহ ছিল মৃত্যুহীন। 

ওয়াল্ডোমিটারসের হিসাবে গতকাল শনিবার রাত ৮টা পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ১৪ হাজার। মারা গেছে ৩৭ লাখ ২৯ হাজার ৬৫০ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১৫ কোটি ৬১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত