১৩ জুনের মধ্যে উপহারের ৬ লাখ টিকা পাঠাবে চীন

আপডেট : ০৬ জুন ২০২১, ০১:৫৭ এএম

বাংলাদেশকে উপহার হিসেবে দ্বিতীয় দফায় দেওয়া ছয় লাখ ডোজ টিকা আগামী ১৩ জুনের মধ্যে পাঠাতে চায় চীন। তবে বাংলাদেশ কখন চীনের উপহারের টিকা নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। গতকাল শনিবার ঢাকায় চীন দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

এর আগে সকালে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে চীনের উপহারের টিকার বিষয়ে উপ-রাষ্ট্রদূত একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন ১৩ জুনের মধ্যে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।

হুয়ালং ইয়ান আরও বলেন, ‘টিকা হস্তান্তরের জন্য আমরা তৈরি রয়েছি। তবে বাংলাদেশ কখন তা নেবে, সেটা এখনো ঠিক হয়নি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে।’

গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন। সিনোফার্মের তৈরি ওই টিকার ৩০ হাজার ডোজ অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় দফায় বাংলাদেশকে দিতে যাওয়া চীনের ছয় লাখ ডোজ টিকাও সিনোফার্মের তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত